মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বাংলা টিভি ডেস্ক: ইরানে আবারও গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে দুজনকে ফাঁসি দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যম। তারা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সূত্র আল জাজিরা।
ইরানের তাসনিম বার্তাসংস্থা জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হওয়ার অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা বিশেষ ধরনের প্রশিক্ষণ নিয়েছিলেন, যার মধ্যে ছিল নিরাপদ যোগাযোগ পদ্ধতি ব্যবহার, সংবেদনশীল স্থানের অবস্থান শনাক্তকরণ সমন্বয় এবং বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।
এছাড়া তারা সামরিক ও জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগের হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের এসব কার্যক্রমের ভিডিও নেটওয়ার্কের পরিচালকদের কাছে পাঠানো হতো এবং এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেতেন।
তাসনিম আরও জানায়, এই নেটওয়ার্কটি আগে থেকেই নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিল। মূলত তেহরানে দুটি জনসেবা ও সামরিক স্থাপনায় হামলার নতুন দায়িত্ব দেয়ার পর থেকেই তারা নজরদারিতে ছিল।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বাঁকা গতিপথে নিক্ষেপযোগ্য বিস্ফোরক তৈরি, হামলার জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং ভিডিও ধারণের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছিল।



