Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছেন, আমি মনে করি এটি ভালো কাজ হয়েছে। তার মতে, বিচার বিভাগ নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই জামিন দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

দলীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় পদ থেকে পদত্যাগ করেছি, তাই দলীয় রাজনীতির সঙ্গে অতটা মাথা ঘামাই না। তবে আশা করি, বাংলাদেশে সব রাজনৈতিক দলের একটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক।

বাংলাদেশের মানুষ কোনো স্বৈরশাসককে মেনে নেয় না জানিয়ে তিনি বলেন, গত ২০ বছর যাবত বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ গণতন্ত্রমনা এবং রাজনীতি-সচেতন। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। ২০২৪ সালের আন্দোলন সারাবিশ্বের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করেছে বলেও জানান তিনি।

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমানের নির্বাচিত সরকার (বিএনপি) এ দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। রাজনৈতিক দলের যে প্রধান কাজ—অর্থনীতির উন্নয়ন সাধন, সে ব্যাপারে ইতোমধ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি, বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হয়, এটাও আমরা দেখতে চাই।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button