
পাবনার চাটমোহর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আউয়াল হোসেন (১৮)। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি মো. গোলাম মোস্তফা।
পুলিশ জানায়, সম্প্রতি বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে অনুষ্ঠিত চড়ক পূজা ও মেলা নিয়ে আউয়াল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, চড়ক পূজা মূলত বাংলা চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত একটি প্রাচীন লোকউৎসব, যা শিবকে কেন্দ্র করে পালিত হয় এবং দেশের কিছু এলাকায় এখনো সীমিত আকারে অনুষ্ঠিত হয়।



