হরমুজে দুটি ভারতীয় জাহাজে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব

ওমান উপসাগরের উত্তরে হরমুজ প্রণালির প্রবেশমুখে দুটি ভারতীয় জাহাজে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানর নৌবাহিনীর বিরুদ্ধে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’। এর মধ্যে একটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল। ঘটনার পর ভারত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ফাতহালিকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে এবং ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও দ্য হিন্দু জানায়, জাহাজ দুটির ওপর সরাসরি গুলিবর্ষণ করা হয়। ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)-এর তথ্য অনুযায়ী, অন্তত একটি জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর গানবোট থেকে হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজ দুটি ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। হামলার পর তারা ইউটার্ন নিয়ে নিরাপদ স্থানে ফিরে যায়।
উল্লেখ্য, পারস্য উপসাগর অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে, যার ওপর ভারতের মতো দেশগুলোর জ্বালানি আমদানি অনেকটাই নির্ভরশীল।



