Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পুলিশের সামনেই গ্রাহকদের পেটালেন পাম্পকর্মীরা

নাটোর শহরের হরিশপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মেসার্স রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড যাচাই করে গ্রাহকদের তেল দেওয়া হচ্ছিল। দীর্ঘ লাইনে শত শত মোটরসাইকেল চালক অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার পরও অনেকে লাইনে থাকলেও পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল সরবরাহ বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় ক্ষুব্ধ গ্রাহকরা বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তেল সরবরাহের আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

তবে অবরোধ প্রত্যাহারের পরও পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অস্বীকৃতি জানালে গ্রাহকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাম্প কর্মীরা স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাহকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে ধস্তাধস্তি ও মারামারিতে অন্তত দুইজন গ্রাহক আহত হন।

পাম্পটির পরিচালক সাকিব দাবি করেন, নির্ধারিত সময়ের পরও কিছু গ্রাহক তেল নিতে চাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তার ভাষ্য, এক পর্যায়ে এক বাইকার এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে গালিগালাজ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হামলার ঘটনায় পাম্প কর্তৃপক্ষ জড়িত নয় বলেও তিনি দাবি করেন।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের পর তেল নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button