মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের প্রশংসা করতে থাকলে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংযত হওয়ার পরামর্শ দেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী যখন একের পর এক প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করছিলেন, তখন প্রধানমন্ত্রী মৃদু হাস্যরসে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এ মন্তব্যে পুরো মিলনায়তনে হাসির পরিবেশ তৈরি হয়।
এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি অতিরিক্ত প্রশংসা করেননি, বরং যতটুকু বলছেন তা স্বাভাবিক বক্তব্যের অংশ।
পরে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সেবার মান উন্নয়নে মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে এবং “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান।



