হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ সিদ্ধান্তের কথা জানায়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে নেওয়া হয়েছে। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ কড়া নজরদারির মধ্যে থাকবে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরান ইসলামিক রিপাবলিক ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে সমুদ্রপথে বাধা সৃষ্টি করছে’ এবং সেই প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ না জাহাজ চলাচল স্বাভাবিকভাবে চলার নিশ্চয়তা দেওয়া হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
এর আগেও ইরান সতর্ক করেছিল যে অবরোধ অব্যাহত থাকলে এই জলপথে চলাচল সীমিত করা হবে।
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে, কারণ এই প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।



