
বরিশালের মুলাদী উপজেলায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ নিয়ম না মেনে কাজ করায় সড়কের পিচ শিশুদের হাতের টানেই উঠে যাচ্ছে। তারা দাবি করেন, নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন এবং প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
Local Government Engineering Department (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে সদর ইউনিয়নের কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের কাজ দেওয়া হয়। কাজটি করছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম।
কুতুবপুর এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার জানান, নিম্নমানের ইট ব্যবহার করা হলেও উপজেলা প্রকৌশলীকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাই শুরু হওয়ার পর দেখা যায়, কম বিটুমিন ব্যবহারের কারণে তা সহজেই উঠে যাচ্ছে। এতে দ্রুত সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।
অন্যদিকে ঠিকাদার মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। তার দাবি, পিচ ঢালাইয়ের পর সম্পূর্ণভাবে শক্ত হতে ৮ থেকে ১০ দিন সময় লাগে। কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পিচ তুলে ভিডিও করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, কাজ মোটামুটি সন্তোষজনক হলেও কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



