নার্স স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত পায়ের রগ কেটে দেন তার স্বামী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডে একটি বাসায় এই ঘটনা ঘটে৷ মারুফা আক্তার নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত আছেন।
আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। আর মারুফা আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্ক জড়িয়ে একে অপরকে বিয়ে করে।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসাবে যোগদান করে মারুফা। যোগদানের পর থেকেই পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাদের ৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর কলহের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফার হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে স্বামী আরিফুল ইসলাম বলেন, কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি লেখাপড়া করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে। স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে আঘাত করেছি।
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



