
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির বাসা ধ্বংস করার ঘটনায় এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাচা মিয়া একটি তালগাছ থেকে অন্তত ২৭টি বাবুই পাখির বাসা কেটে নিচে ফেলে দেন। এতে বাসাগুলোতে থাকা প্রায় ২৫টি সদ্য ফুটে ওঠা ছানা মারা যায় এবং বেশ কিছু ডিম নষ্ট হয়ে যায়।
ইউএনও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন যে ধান খাওয়ার কারণে তিনি বাসাগুলো কেটে ফেলেছিলেন। ঘটনাস্থল থেকে ২৫ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের বন্যপ্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।



