Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিল ইরান

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন একটি প্রস্তাব সামনে এনেছে ইরান। দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তাহলে ইরান সেগুলোর ওপর হামলা চালাবে না। তবে এই প্রস্তাবের সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে—ওয়াশিংটনকে তেহরানের দাবিগুলো মেনে নিতে হবে; তবেই এটি কার্যকর হবে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর উত্তর তীরে ইরান, আর দক্ষিণ তীরে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি, যেহেতু তাদের জ্বালানি আমদানির বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। পাশাপাশি সার, রাসায়নিকসহ বিভিন্ন পণ্য পরিবহনেও এটি অপরিহার্য।

সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান সেখানে অবরোধ আরোপ করে। এর ফলে অনেক জাহাজকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে—তেলের দাম বেড়েছে, কিছু দেশে সরবরাহ সংকটও দেখা দিয়েছে। এছাড়া অবরোধের কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ এবং দুই হাজারের বেশি নাবিক আটকা পড়ে আছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button