Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজনীতি

নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে ব্যারিস্টার সুমনের রিট

বাংলা টিভি ডেস্ক: কারাগার থেকে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়েছে।

এছাড়াও রিটে নির্বাচনে অংশ নিতে চেয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর করা আবেদন কেন দ্রুত নিষ্পত্তি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে রোববার (১২ এপ্রিল) বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ওই আবেদন জমা দেন।

আবেদন সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনি ফরমে তার স্বাক্ষর নেয়ার জন্য জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থী হওয়ার জন্য নির্বাচনি ফরমে তার স্বাক্ষর প্রয়োজন। এ কারণেই আজ ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে তার স্বাক্ষর সংগ্রহের ব্যবস্থা করা হয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি কারাগারে আটক থাকলেও আইনজীবী হিসেবে পেশাজীবী এই শীর্ষ সংগঠনের নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button