চা দিতে দেরি হওয়ায় সন্তানকে আছড়ে মারলেন বাবা

বাংলা টিভি ডেস্ক: চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দুই মাসের কন্যা শিশু সাপরিনা জান্নাত মাহিরাকে মাটিতে আছাড় মেরে হত্যা করেছেন বাবা ওসমান গণি।
মঙ্গলবার সকালে এ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া-মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই হাবিব।
নিহত মাহিরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহীম মেম্বার বাড়ির ওসমান গণির মেয়ে।
এসআই হাবিব বলেন, আজ সকালে ওসমান গনি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। কিন্তু চা দিতে দেরি হওয়ায় সুমাইয়ার কাছ থেকে মেয়ে মাহিরাকে কেড়ে নিয়ে মাটিতে দুইবার আছাড় দেন ওসমান গনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, মাহিরার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় মাহিরার চাচা রোমানকে গ্রেপ্তার করা হয়েছে।



