
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার ভয়াবহ ক্ষতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন মো. ইউসুফ নামে এক যুবক।
সোমবার (১৩ এপ্রিল) তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে জানান, তিনি আর অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকবেন না। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ইউসুফ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মুন্সীর ছেলে। তিনি জানান, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। জুয়ায় এরই মধ্যে তিনি দুইটি বাড়ি বিক্রি করে দেন এবং বিপুল দেনায় জড়িয়ে পড়েন।
ভিডিওতে দেখা যায়, একটি বালতিভর্তি দুধ দিয়ে তাকে গোসল করানো হচ্ছে, যেখানে তার এক প্রতিবেশী তাকে সাহায্য করেন। পরে তিনি নিজেই দুধ মাথায় ঢেলে দেন।
ইউসুফ বলেন, তিনি অনলাইন জুয়ার কারণে চরম হতাশায় ভুগছিলেন এবং তাই এ অভ্যাস থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি তরুণদের উদ্দেশে অনুরোধ করেন, কেউ যেন অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তিতে না জড়ায়।
তিনি আরও সরকারের প্রতি আহ্বান জানান, অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য।



