‘ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র’

ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য নতুন কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হবে বলে তারা মনে করছেন।
স্থানীয়দের মতে, ইরানকে সবসময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং দেশের সামরিক সক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তাদের দাবি, ভবিষ্যতে যেকোনো আক্রমণের জবাব দিতে ইরান সক্ষম।
একজন বাসিন্দা রয়টার্সকে বলেন, “আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের সেনাবাহিনী প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। শত্রুরা আবার আক্রমণ করলে তারা আবারও পরাজিত হবে।”
অন্য একজন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত সংঘাতের অবসান ঘটানো। তার মতে, এই সংঘাতে ওয়াশিংটন ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের জনগণের অবস্থানের কাছে তাদের নতি স্বীকার করা উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ইরানের জনগণের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে, ফলে নতুন কোনো চুক্তি নিয়েও তাদের মধ্যে সন্দেহ রয়ে গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়ার প্রেক্ষাপটে আলোচনার উদ্যোগ নিলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।



