
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই পরিবার এ সিদ্ধান্ত জানায় বলে জানা গেছে।
নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান জানান, পরিবারের সবাই মিলে আলোচনা করে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়স এবং মানসিক ক্লান্তির কারণে তারা আর আইনি প্রক্রিয়ায় যেতে চান না বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “যে চলে গেছে তাকে তো আর ফেরত পাওয়া যাবে না।”
তিনি আরও জানান, দাফনের পর পরিবারের সদস্যরা একত্রে বসে সিদ্ধান্ত নেন এবং সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে মামলা করার জন্য অনুরোধ করা হলেও পরিবার তাদের অবস্থানে অনড় থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা না হলেও আইন অনুযায়ী পুলিশ নিজ উদ্যোগেও মামলা করতে পারে। তিনি জানান, তদন্ত চলমান আছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, এখনো কোনো আটক নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার আগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয়দের একাংশ পীরের দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা চালায়। ওই সময় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পীর শামীম জাহাঙ্গীরের মৃত্যু হয়।



