
পুলিশের হাত থেকে পালাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরই বড় ধরনের ক্ষতি ডেকে আনলেন এক মাদক কারবারি। বরিশালের গৌরনদী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রায় ১০-১২ পিস ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫)।
রবিবার গভীর রাতে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হলে হঠাৎ পকেটে থাকা ইয়াবা ট্যাবলেট মুখে নিয়ে চিবিয়ে গিলে ফেলেন।
এর কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানায়, তল্লাশির সময় তার কাছ থেকে অতিরিক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। সানোয়ার মূলত মুন্সিগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে গৌরনদীর দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
গৌরনদী মডেল থানার কর্মকর্তারা জানিয়েছেন, সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।



