Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষার ফল হাতে পেয়েই সবার আগে মাকে দেখানোর ইচ্ছে— শিশুদের কাছে এ যেন এক চিরচেনা অনুভূতি। কিন্তু সেই মা যদি আর বেঁচে না থাকেন? তখনও কি থামে সন্তানের টান? এমনই এক মর্মস্পর্শী দৃশ্য ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিওতে, যা নাড়া দিয়েছে নেটদুনিয়াকে।

ভিডিওতে দেখা যায়, দুই ছোট্ট বালক একটি গোরস্থানে এসে দাঁড়িয়েছে। তাদের হাতে স্কুল থেকে পাওয়া হলুদ রঙের মার্কশিট। সোজা সেখান থেকে তারা ছুটে এসেছে একটি নির্দিষ্ট কবরের কাছে। সেখানে দাঁড়িয়ে নিজেদের ভালো ফলাফল জানাতে থাকে তারা— যেন মায়ের সামনেই ফলাফল তুলে ধরছে।

শিশু দু’টিকে ‘মা, মা’ বলে ডেকে উঠতে এবং নীরবে প্রার্থনা করতেও দেখা যায়। ভিডিওটির দাবি, ওই কবরেই শায়িত তাদের মা। জীবিত অবস্থায় মাকে ফলাফল দেখাতে না পারার কষ্ট থেকেই তারা কবরের সামনে এসে সেই অভাব পূরণ করার চেষ্টা করেছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘মহম্মদ_সরওয়াত_খান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এটি। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন, আর মন্তব্যের ঘরে জমেছে আবেগের ঢল।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে, সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

তবু বাস্তব হোক বা না হোক, ভিডিওটি যেন মা–সন্তানের গভীর সম্পর্কের এক নীরব দলিল হয়ে উঠেছে। অনেকেই লিখেছেন, দৃশ্যটি দেখে চোখে জল চলে এসেছে। কেউ বলেছেন, এমন কষ্ট যেন কোনো সন্তানের ভাগ্যে না আসে। আবার কেউ মন্তব্য করেছেন, মায়ের অভাব কখনো পূরণ হয় না— এই ভিডিও তা আবার মনে করিয়ে দিল। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button