সপরিবার মঞ্চনাটক দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারসহ মিলনায়তনে উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেন এবং দর্শকদের সঙ্গে বসে পুরো পরিবেশ উপভোগ করেন।
এদিকে হঠাৎ সরকারপ্রধানের আগমনের খবরে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে ৩ এপ্রিল রাজধানীর ধানমন্ডির জিগাতলায় একটি সিনেমা হলে পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্র উপভোগ করেছিলেন প্রধানমন্ত্রী।
এবার বেইলি রোডের নাট্য মঞ্চে তাঁর উপস্থিতিতে দর্শকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে তিনি শিশুশিল্পীদের উৎসাহ দেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বলেও জানানো হয়।



