আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে।
প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ চারজন নিহতের কথা জানালেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা পিকনিক করতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই এলাকায় তখন অনেক মানুষ উপস্থিত ছিলেন।
হেরাতের একজন চিকিৎসক জানান, নিহতরা সবাই শিয়া মুসলিম এবং তারা স্থানীয় একটি মাজার এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় অতীতেও একাধিকবার এমন হামলার শিকার হয়েছে।
তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জানান, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এ হামলা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়।
হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।



