
মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক ব্যক্তি তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগরের একটি মাদ্রাসার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, ওই শিক্ষক বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করেছেন।
খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত মাদ্রাসায় এসে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, আরও কয়েকজন শিশুর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



