
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় আরও ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই হবে। ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারণ করা হয়েছে।



