
সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রাণহানি কমানোর লক্ষ্যে ব্যতিক্রমী এক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ এলাকায় নিম্নমানের ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট বর্জন ও ভাঙার মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ট্রাফিক পুলিশ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী জরিমানা এড়াতে সস্তা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান বলেন, বাজারে প্রচলিত কমদামি প্লাস্টিকের হেলমেট দুর্ঘটনায় কার্যকর সুরক্ষা দিতে পারে না। তাই জীবন রক্ষায় বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারই একমাত্র বিকল্প।
কর্মসূচি চলাকালে গুলশান-২ সংলগ্ন ফিডার রোডে মোটরসাইকেল থামিয়ে চালকদের নিম্নমানের হেলমেটের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পরে চালকেরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভেঙে ভবিষ্যতে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন।
ট্রাফিক পুলিশের মতে, এটি শুধু প্রতীকী উদ্যোগ নয়, বরং নিরাপদ সড়ক গড়ার একটি গুরুত্বপূর্ণ বার্তা। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সঠিক হেলমেট ব্যবহার এখন সময়ের দাবি।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



