Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

‘ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ’

লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের কঠোর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।

শুক্রবার (১০ এপ্রিল) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, খাজা মুহাম্মদ আসিফ ইসরায়েলকে ‘শয়তান’ এবং ‘মানবতার অভিশাপ’ বলে অভিহিত করার পর দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ইসলামাবাদে যখন একটি শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, তখন পাকিস্তানের একজন শীর্ষ মন্ত্রীর এমন আক্রমণাত্মক অবস্থানকে ইসরায়েল তাদের রাষ্ট্র ধ্বংসের উসকানি হিসেবে বর্ণনা করেছে। মূলত গত বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাজা আসিফ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, যখন ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখনও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি লিখেছেন, ‘ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ।’

তিনি আরও বলেন, ইসরায়েল প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে নির্বিচারে রক্তপাত ঘটাচ্ছে। খাজা আসিফ কঠোর ভাষায় মন্তব্য করেন যে, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তারা যেন ‘নরকের আগুনে পোড়ে’। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

খাজা আসিফের এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার একটি অগ্রহণযোগ্য আহ্বান।

ইসরায়েলি পক্ষ আরও দাবি করে, কোনো দায়িত্বশীল সরকারের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়—বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে। নেতানিয়াহুর দপ্তরের মতে, পাকিস্তানের এই অবস্থান তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং শান্তি প্রক্রিয়ার জন্য এটি একটি বড় বাধা।

বর্তমানে পাকিস্তান ও ইরানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক তৎপরতা চললেও মাঠপর্যায়ে সহিংসতা কমছে না। যদিও মধ্যস্থতাকারীরা দাবি করছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য—তবে ওয়াশিংটন ও তেল আবিব তা বারবার অস্বীকার করছে।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলাগুলোতে নিহতের সংখ্যা ৩০৩ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ হাজার ১৫০ ছাড়িয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে লেবাননে এ পর্যন্ত ১ হাজার ৮৮৮ জন প্রাণ হারিয়েছেন।

এই ক্রমবর্ধমান প্রাণহানি এবং খাজা মুহাম্মদ আসিফের কড়া মন্তব্য ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button