
দেশে হাম প্রতিরোধে সরকার আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে এবং যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আক্রান্তদের বেশিরভাগই ছোট শিশু হওয়ায় নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই টিকা দেওয়া হবে—তারা আগে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক। পাশাপাশি অসুস্থ বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হবে।
কর্মসূচি তদারকির জন্য বিভিন্ন এলাকায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিদর্শনে যাবেন। স্বাস্থ্যমন্ত্রী নিজে ঢাকার নবাবগঞ্জ-এ উপস্থিত থাকবেন।
হাম পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলার অভিজ্ঞতার মতোই এই পরিস্থিতিও সফলভাবে সামাল দেওয়া সম্ভব।
টিকার আওতাভুক্ত উপজেলা:
বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি ও শরীয়তপুরের জাজিরা।



