Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলা

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ফেনী প্রতিনিধি: ফেনীতে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল রকিবুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। মাদক যে ব্যক্তি, পরিবার ও সমাজ—বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সে বিষয়ে সতর্ক করে তিনি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি ফেনী ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে মালিকবিহীন অবস্থায় জব্দ করা মাদকদ্রব্য এদিন ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/বোতল বিয়ার, ৭৬৫.২৩ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক এবং ১ লিটার বাংলা মদ। এসব মাদকের আনুমানিক সিজারমূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি, কাস্টমস, র‍্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

বিজিবি জানায়, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এ ধরনের ধ্বংস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button