Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানের জন্য অনুদানে গয়না-বাসনপত্র দিয়ে সাহায্য করছে ভারতীয়রা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান-এর নাগরিকদের পাশে দাঁড়িয়েছে ভারত। দেশটির বিভিন্ন প্রান্তের মানুষ যেমন আর্থিক সহায়তা পাঠাচ্ছেন, তেমনি সরকারও ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। এ সহায়তার জন্য দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

দূতাবাস সূত্রে জানা যায়, তেহরানে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণ পাঠানোর পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে কেউ জমানো টাকা, কেউ গয়না, আবার কেউ ঐতিহ্যবাহী সামগ্রী দান করেছেন।

দিল্লিতে থাকা ইরানি দূতাবাস জানায়, এই সহায়তায় তারা অভিভূত। ভবিষ্যতেও যাতে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা অব্যাহত থাকে, সে জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছিল। পাশাপাশি ইচ্ছুকদের সরাসরি দূতাবাসে গিয়ে নগদ অর্থ দেওয়ার আহ্বানও জানানো হয়।

এদিকে, ইরানের মাশহাদ বিমানবন্দরে সাম্প্রতিক এক মার্কিন হামলায় মাহান এয়ারের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ওই বিমানে বিভিন্ন দেশ থেকে পাঠানো ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

ইরান ও ভারত-এর সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিভিন্ন দেশ পক্ষ নিলেও ভারত সরাসরি কোনো পক্ষ নেয়নি। বরং তারা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভারতের বিভিন্ন অঞ্চলে মানবিক উদ্যোগ দেখা গেছে। বিশেষ করে ইরানের মিনাবে একটি স্কুলে হামলার পর অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহায্য পাঠিয়েছেন। এমনকি এক শিশুর সঞ্চিত অর্থ দানের ঘটনাও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়েছে।

কাশ্মীর, কেরালা ও উত্তরপ্রদেশসহ বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে তহবিল সংগ্রহ করেছেন। শুধু অর্থ নয়, সোনা-রুপার গয়না, গবাদি পশু এবং ঐতিহ্যবাহী সামগ্রীও দান করা হয়েছে।

এছাড়া, একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মীরাটের তিন ভাই ইরানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জমি দান করেছেন, যা নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সহায়তা হিসেবে পাঠানো হবে।

ভারতীয়দের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। তবে সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে আপাতত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করা যাচ্ছে না। তাই আপাতত সরাসরি দূতাবাসে গিয়ে নগদ সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button