ইরানে অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জন এখন খুব কাছাকাছি। গত চার সপ্তাহে মার্কিন বাহিনী দ্রুত ও শক্তিশালী সাফল্য অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।
তিনি আবারও অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এর আগে ইরান একাধিকবার জানিয়ে এসেছে যে তারা পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করছে না।
ট্রাম্প আরও বলেন, ২০১৫ সাল থেকেই তিনি বলে আসছেন ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। তিনি দাবি করেন, সেই সময়কার পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে না এলে ইসরাইল আজ বড় ঝুঁকিতে পড়ত।
উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার লক্ষ্যে করা একটি আন্তর্জাতিক সমঝোতা, যেখান থেকে ট্রাম্প পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।



