
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ উদ্যাপনের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করা দরকার ছিল না। তিনি মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই এই নামকরণের কোনো প্রয়োজন ছিল না।
মন্ত্রী আরও জানান, পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না।
তিনি উল্লেখ করেন, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় এবং চিরায়ত ধারায় উদ্যাপন করা হবে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। মন্ত্রী নিশ্চিত করেছেন, অপসংস্কৃতি বা জীবনবিমুখ কোনো কার্যক্রম বৈশাখ উদ্যাপনে স্থান পাবে না। দেশজুড়ে শোভাযাত্রা, আল্পনা, গান-বাজনা ও মেলার আয়োজন হবে।



