
জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে এক অদ্ভুত কিন্তু মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি তিনি হালকা রসিকতার সুরে শেয়ার করেন।
তিনি জানান, নামাজ শেষে এসে দেখেন তার জুতাটি আর আগের জায়গায় নেই; তার বদলে অন্য একটি জুতা রাখা। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজেরটি রেখে গেছেন।
পোস্টে তিনি বিষয়টিকে জীবনের ছোট কিন্তু মধুর এক ঘটনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন, তার মঙ্গল কামনা করেন এবং মজা করেই বলেন—যদি ওই ব্যক্তি পোস্টটি দেখে থাকেন, তাহলে যেন জুতাটি ফিরিয়ে দেন। তিনি আরও জানান, অপর ব্যক্তির জুতাটি আগের জায়গাতেই রাখা আছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি, যা ছিল সেই নির্বাচনের সবচেয়ে কম ব্যবধানে জয়ের একটি রেকর্ড।



