রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য হবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। রোববার সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান করা হয়।
তারেক রহমান খেলোয়াড়দের বলেন, পেশাদার জীবনে কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি হবেন না। বরং ক্রীড়া দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন। তিনি যোগ করেন, “আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশকে সম্মান বয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। কথা কম, খেলতে হবে বেশি। দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে বাধা কেউ হতে পারবে না।”
প্রধানমন্ত্রী আরও জানান, খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য দেশব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ’ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের কাজ করা হচ্ছে। তিনি এই উদ্যোগকে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” অঙ্গীকারের অংশ হিসেবে বর্ণনা করেন।



