
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগে আক্রান্ত আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে পুনরায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আজ সোমবার ভোর ৫টায় দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে গত শনিবার বিকেলে জান্নাতুলকে প্রথমবার আইসিইউতে ভর্তি করা হয়েছিল, পরে রোববার দুপুরে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। দ্বিতীয়বার আইসিইউতে নেওয়ার সময় ৩৬ নাম্বার সিরিয়াল পড়ায় তার পরিবার কিছুটা দিশেহারা হয়।
জান্নাতুলের বাবা হৃদয় ইসলাম বলেন, তিনি, তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং শাশুড়ি ফরিদা বেগম রাতে মেয়ের পাশে ছিলেন। ভোরে আইসিইউ থেকে ফোন আসলে সঙ্গে সঙ্গে তারা সেখানে পৌঁছান। বর্তমানে জান্নাতুল আইসিইউতে চিকিৎসাধীন।
রামেক হাসপাতালে শিশুদের জন্য মাত্র ১২টি আইসিইউ বেড রয়েছে। বেড সংকটের কারণে অসুস্থ শিশুদের অপেক্ষা করতে হয়, আর ছোঁয়াচে রোগ হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আইসিইউর চাহিদা আরও বেড়েছে। গত বৃহস্পতিবার চারজন হাম আক্রান্ত শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে শিশু ফারহানা, হুমায়রা ও হিয়া মারা যান। অবশিষ্ট শিশু জান্নাতুলকে প্রথমবার ২৯ নম্বর সিরিয়াল পড়ে আইসিইউতে নেওয়া হয়েছিল, তিন দিন অপেক্ষার পর। দ্বিতীয়বারের ক্ষেত্রে ৩৬ নম্বর সিরিয়াল পড়লে তার বাবা-মা দিশেহারা হলেও আর অপেক্ষা করতে হয়নি।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, যথেষ্ট উন্নতি হওয়ার পর জান্নাতুলকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। যেকোনো রোগীর অবস্থা হঠাৎ খারাপ হলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়, যা জান্নাতুলের ক্ষেত্রে করা হয়েছে।



