
গত ৮ বছর ধরে দেশে হামের (মিজেলস) কোনো টিকা দেওয়া হয়নি। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকার নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এ আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হামের রোগী অনেক বেড়েছে। আট বছর আগে শেষবার মিজেলসের টিকা দেওয়া হয়েছিল। এরপর কোনো সরকারই টিকাদান কর্মসূচি চালায়নি। আমরা দ্রুত টিকা সংগ্রহ করে কার্যক্রম শুরু করব।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাধারণত শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। বিশেষ ক্যাম্পেইনের সময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হয়।
মন্ত্রী জানান, হামের রোগী বৃদ্ধির কারণে বিভিন্ন হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউ সংকটের কারণে শিশুমৃত্যু ঘটার পর, ইতিমধ্যে পাঁচটি ভেন্টিলেটর দান করা হয়েছে এবং দ্রুত সেখানে পাঠানো হবে। এছাড়া দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।
সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশে হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এবং শিশুদের মৃত্যু ও সংক্রমণ হ্রাস পাবে।



