ইরান যু/দ্ধ বন্ধে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি-তুরস্ক-মিসর

ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। তিন মুসলিম প্রধান দেশের এই উচ্চপর্যায়ের বৈঠক মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় কূটনৈতিক উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ার পেছনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাত এবং সামরিক পদক্ষেপ একটি বড় কারণ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মোতায়েন করেছে ইরানের সম্ভাব্য স্থল হামলার প্রতিক্রিয়ায়। এর ফলে ইরান হরমুজ প্রণালি বন্ধ এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এই উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লড়াইয়ে যোগ দিয়েছে। হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ১২ শতাংশ তেল সরবরাহ হয়। যদি হুতিরা এই নৌপথ বন্ধ করে, তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইসলামাবাদের এই বৈঠক থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের কার্যকর সমাধান আসতে পারে কিনা, সেটাই এখন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে।



