শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোজ কুমার আরও বলেন, ভারতীয় ভিসা নেওয়ার জন্য কোনো অনধিকৃত বা অতিরিক্ত অর্থ দেবেন না। সরকারনির্ধারিত টাকা ছাড়া অন্য কাউকে অর্থ প্রদান করা যাবে না। তিনি সবাইকে নিজেরাই ফরম পূরণ করে সরকারি ফি জমা দেওয়ার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনও সভায় উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরণ্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ অন্যান্য নেতা, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মনোজ কুমার আশ্রমের নেতাদের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন, যেখানে মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।



