
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।
শনিবার (২৮ মার্চ) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
তেল নিতে আসা গ্রাহকদের মধ্যে প্রশাসনের এ উদ্যোগকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আবুল কালাম নামে এক মোটরসাইকেলচালক বলেন, সরকার যে উদ্যোগটা নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ ছাড়া তেল বিক্রি করা হচ্ছে না। এটা সরকারের জন্য ভালো উদ্যোগ। তবে কিছু গাড়ির কাগজ নেই, সেগুলোতে অল্প পরিমাণ তেল দিলে ভালো হয়।
পলাশ নামের আরেক চালক বলেন, আমরা গাড়ি চালাই, তাই গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার। এতে তেল বিপননে শৃঙ্খলা ফিরবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে এবং সকল পাম্প মালিককে তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



