আমি ‘শান্তির দূত’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন “শান্তির দূত” এবং ভবিষ্যতে এভাবেই তিনি তার উত্তরাধিকার দেখতে চান। শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চান তাকে একজন মহান শান্তির দূত হিসেবে মনে রাখা হোক।
তিনি আরও বলেন, তিনি নিজেকে একজন শান্তিস্থাপক হিসেবে মনে করেন। তার ভাষায়, “এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি আমি একজন শান্তির দূত।”
এদিকে সিএনএন-এর খবরে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার মন্তব্য করেছেন যে, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে এবং সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু বর্তমানে আগের মতো শক্তিশালী নেই। পাশাপাশি তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, তবে এটি শেষ করা প্রয়োজন।
ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে একাধিকবার বিজয়ের দাবি করেছেন। গেল মঙ্গলবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যেও তিনি একই ধরনের মন্তব্য করেন এবং বলেন, “আমরা জিতে গেছি”—যদিও তিনি উল্লেখ করেন, এমন কথা বলা তিনি সাধারণত পছন্দ করেন না।



