ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করল জার্মানি

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে, জার্মানি জানিয়েছে যে তারা আর ইসরাইল-এর পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে সহায়তা করবে না।
দক্ষিণ আফ্রিকা যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত-এ ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে, সেই প্রক্রিয়ায় আগে ইসরাইলকে সমর্থনের পরিকল্পনা থাকলেও এখন সেখান থেকে সরে এসেছে বার্লিন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার জানান, আইসিজেতে ইসরাইলের পক্ষে জার্মানির আর কোনো ধরনের হস্তক্ষেপ বা মধ্যস্থতা থাকবে না।
এই সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন নিকারাগুয়া নিজেই আইসিজেতে জার্মানির বিরুদ্ধে একটি মামলা করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে, ইসরাইলকে সহায়তা দিয়ে জার্মানি পরোক্ষভাবে গণহত্যায় সমর্থন দিয়েছে।
জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখন নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং চলমান আইনি প্রক্রিয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে ইসরাইলের মামলায় আলাদা করে সম্পৃক্ত না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজা ইস্যুতে এতদিন ইসরাইলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিল জার্মানি। তবে সাম্প্রতিক এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।



