
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নদী-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে নদী-খালের পাড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বুধবার (১৮ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় সিংজানি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, শপথ গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে রয়েছে কৃষিঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান, ফ্যামিলি কার্ড চালু করা। আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ড. মো. সরফরাজ বান্দা, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা।



