ভারতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার আয়োজন, গ্রে/প্তা/র ১৪

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মাঝ-গঙ্গায় নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার পানিতে ফেলার অভিযোগে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এই পদক্ষেপ নেওয়া হয় সামাজিকমাধ্যমে ইফতার আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়ার পর।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর তার অবশিষ্টাংশ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
এই ঘটনায় বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানার পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, গঙ্গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। নৌকায় বসে খাবার খাওয়ার পর অবশিষ্টাংশ নদীতে ফেলে দেওয়ায় গঙ্গার পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় মামলা করা হয়েছে।
কোটওয়ালি অঞ্চলের এসিপি বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিও থেকে এই ঘটনার তথ্য পাওয়া যায়। এরপর তদন্ত চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদেরও শনাক্ত করার কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।
গঙ্গা নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত পূজা ও স্নান করতে আসে। তাই এই ঘটনার কারণে ধর্মীয় অনুভূতি এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



