হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালীকে “মুক্ত” করতে বেশি সময় লাগবে না। এমনকি ন্যাটোর সদস্য দেশগুলো যদি সাহায্য না করে—তবুও স্বল্প সময়ে হরমুজ প্রণালীকে ইরানের অবরোধ থেকে উদ্ধার করা সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি, মূলত উপকূল ও জলভাগ নিয়েই। এতে বেশি সময় লাগবে না।”
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদেশের জাহাজ চললে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ দিনের মধ্যে হরমুজে ১২টিরও বেশি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য নিরাপত্তা সংস্থা।
এ কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, এবং বাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে।
হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ শেষ করতে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি কয়েক দিন আগে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও সেনা পাঠাতে আহ্বান জানান, তবে ইউরোপ ও এশীয় মিত্ররা সাহায্য করেনি। তবে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো এবং ইসরায়েল ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে, যা তিনি প্রশংসা করেছেন। সংযুক্ত আরব আমিরাতও হরমুজ প্রণালী সংক্রান্ত যে কোনো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশ নেবার ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার হরমুজ প্রণালির তীরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে হরমুজ প্রণালী এলাকায় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।



