Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

ভিজিএফের চাল আত্মসাৎ করলে গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, কেউ যদি এই চাল আত্মসাৎ করে, তাহলে তা ‘গলা দিয়ে নামবে না’—অর্থাৎ আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে অবৈধভাবে নদ-নদী থেকে বালু উত্তোলন বা সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের কাজে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে গ্রাম পর্যায়ে ভিজিএফের চাল বিতরণে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য একসময় দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও দেশজুড়ে খাল খননের উদ্যোগ নিয়েছেন। এতে কৃষক উপকৃত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, সারা দেশে ৫৪ জেলায় একযোগে খাল খনন কার্যক্রম শুরু হচ্ছে। এতে ইরি-বোরো মৌসুমে কৃষকেরা সহজে সেচ দিতে পারবেন এবং খালে সারা বছর পানি থাকলে ফসল উৎপাদনও বাড়বে।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

সংশ্লিষ্ট খবর

Back to top button