
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোট প্রসঙ্গে বিষয়টি পুরোপুরি বুঝে বক্তব্য দিচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, দলটির নেতারা গণভোট নিয়ে যে মন্তব্য করছেন, তা আংশিক বোঝাপড়ার ভিত্তিতে দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেই সরকার পক্ষ থেকে জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার ‘জুলাই সনদ’কে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকেই এগিয়ে যেতে চায়। তার ভাষায়, আবেগ ও আইন—দুটিকে সমন্বয় করেই সরকার কাজ করতে চায়। তাই এ বিষয়ে এনসিপির বক্তব্য সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মামলার জট নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং সবার মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদের পরিকল্পনা হাতে নিয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।



