
দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রথম পর্যায়ে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, এরপর ধাপে ধাপে দেশের সব স্কুলে তা সম্প্রসারিত হবে।
তিনি আরও জানিয়েছেন, সরকার শিক্ষাব্যবস্থাকে সমন্বিত বা সিঙ্গেল কারিকুলামের আওতায় আনার পরিকল্পনা করছে। এতে বাংলা, ইংরেজি ও ইবতেদায়ী মাধ্যমের শিক্ষার্থীরাও ১২ বছরের শিক্ষাজীবনের শেষে সমান দক্ষতা অর্জন করতে পারবে। শিক্ষা কারিকুলামে সংস্কৃতি, খেলাধুলা, ভাষাগত ও গণিত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিং-নির্ভর পড়াশোনার প্রবণতা কমাতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শিক্ষার্থীদের কোচিং-নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো হবে।
এছাড়া ক্লাস ওয়ানে ভর্তির জন্য লটারি পদ্ধতির যৌক্তিকতা, পথশিশুদের কল্যাণমূলক কার্যক্রম, স্কুল ম্যানেজিং কমিটি এবং রমজানের ছুটির ক্যালেন্ডার সম্পর্কেও নীতিগত পর্যায়ে আলোচনা চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিমাফিক শিক্ষা খাতের উন্নয়ন বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।



