সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করবেন। একইসঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)-এর কবর জিয়ারত করবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।



