
ওসমান হাদি হত্যা মামলার বিচার বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অত্যন্ত প্রিয় মুখ। অনেক মানুষ তার কাছে এই হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছিলেন। সরকারে থাকা অবস্থায় তিনি জানিয়েছিলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এবং সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন হওয়ার আশা ছিল।
তবে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও এখনো এই হত্যার বিচার শুরু করা যায়নি। এ বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার বাদী ওই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে **নারাজি আবেদন** করেন।
আসিফ নজরুল জানান, এমন পরিস্থিতিতে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন নয়। তাই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের Criminal Investigation Department (সিআইডি)-কে নির্দেশ দেন। বর্তমানে সেই তদন্ত শেষ হয়নি বলেই বিচার শুরু করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সিআইডির তদন্ত শেষে নতুন অভিযোগপত্র দাখিল হলে এবং তাতে আবার নারাজি না এলে বিচারকার্য শুরু হতে পারে। তবে বাদী আবারও নারাজি দিলে বিচার আরও পিছিয়ে যেতে পারে। আদালত চাইলে বাদীর নারাজি অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে, কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে।
পোস্টের শেষ দিকে আসিফ নজরুল বলেন, তদন্ত ও বিচার প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে পড়ে। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব কমানো এবং সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা সম্ভব।



