
দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী–এর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে কিছু জটিলতা রয়েছে। আশা করছি, শিগগিরই আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হব। এক্ষেত্রে কারিআনা পাশধারীদের নিয়োগের ব্যবস্থা করা হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”
এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ–এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তিতে লটারি পদ্ধতি চালু করেছিল, যা যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে আমরা অংশীজনের সঙ্গে আলোচনা করে সকলের অভিমত নিয়ে ভর্তির পদ্ধতি নির্ধারণ করব।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারের আওতায় এনে দেশের নিয়ম-কানুন মেনে যুগোপযোগী করার কাজ চলছে। এছাড়া ইবতেদায়ী ও কওমী শিক্ষাসহ সব শিক্ষা ব্যবস্থা সমন্বিত শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ৫টি প্রকল্প বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য:
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪), জুলাই ২০১৮–জুন ২০২৬
চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), জুলাই ২০১৬–২০২৬
* ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জানুয়ারি ২০২০–জুন ২০২৭
* কক্সবাজার, বান্দরবান এবং নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, জুলাই ২০২৪–জুন ২০২৭
* সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি, জানুয়ারি ২০২৫–ডিসেম্বর ২০২৭
এছাড়া দেশের ৫৮টি জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক স্তর)’ কোর্স বাস্তবায়িত হচ্ছে।
দেশের ৬৪টি জেলার প্রতিটি উপজেলায় ‘স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও)’ প্রকল্পও শুরু হচ্ছে। এটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে একনেক অনুমোদন পেয়েছে এবং জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে।



