
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় অটুট থাকে। তিনি বলেন, যারা সাম্প্রদায়িক চিন্তাধারা লালন করে তারা দেশে মৌলবাদের বিষ ছড়াতে চায় এবং এ ধরনের শক্তি সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। মাঝে মাঝে এই সাম্প্রদায়িকতা সমাজে অভিশাপের মতো দেখা দেয় এবং বিশেষ করে নির্বাচনের আগে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়।
শনিবার (১৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়া প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ৩২ প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
এ সময় তিনি আরও বলেন, তার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই তিনি রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও এ পথেই থাকবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ আরও অনেকে।



