
ঢাকার রাস্তায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির–এর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন–এর আদালতে সাজ্জাদ আল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি।
মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান–২ এলাকায় এক বৃদ্ধ পথচারীর সঙ্গে ঘটনার সূত্রপাত হয়। ওই সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন মনিকা কবির। এক পর্যায়ে বৃদ্ধের ব্যাগের কোণা তার গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন এবং ব্যাগ ছুড়ে মারেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে অপমানিত হন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।



