
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং তাঁর সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার সে প্রথার ব্যতিক্রম ঘটেছে।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এ পরিস্থিতিতে আজ সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই অধিবেশন শুরু করা হয়। অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। এরপর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। ক্বারী মোহাম্মদ আবু রায়হান কুরআন তিলাওয়াত করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসন বাদে বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি, জামায়াত জোট ৭৭টি, স্বতন্ত্র প্রার্থী ৭টি এবং ইসলামী আন্দোলন ১টি আসনে জয়লাভ করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
বর্তমানে ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ২১৯ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
নতুন সংসদ সদস্যদের মধ্যে বিএনপির ১৪২ জন, জামায়াতের ৬১ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন এবং খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের ১ জন করে সদস্য প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। বাকিরা স্বতন্ত্র সংসদ সদস্য।



